আজ মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন

মানিকগঞ্জ প্রতিনিধি:মানিকগঞ্জ প্রতিনিধি:
প্রকাশিত: ১১:৪৪ পূর্বাহ্, december ১১, ২০২২

সংগৃহীত ছবি

দীর্ঘ সাত বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। রোববার (১১ ডিসেম্বর) সম্মেলনকে ঘিরে সভাপতি ও সাধারণ সম্পাদক পদের সম্ভাব্য প্রার্থীর পক্ষের অনুসারীরা জেলা শহরসহ প্রত্যন্ত এলাকায় ছেয়ে ফেলেছে ব্যানার ফেস্টুনে।

মানিকগঞ্জ শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে (বিজয় মেলা মাঠ) দুপুর ২টায় এই সম্মেলন অনুষ্ঠিত হবে। পদপ্রত্যাশীদের ব্যানার, পোস্টারে ছেয়ে গেছে পুরো এলাকা।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের সাধারণ সম্পাদক সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সম্মেলন উদ্বোধন করবেন সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান।

দলীয় সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০১৫ সালের ১৭ জানুয়ারি জেলা আওয়ামী লীগের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সে সময় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা আওয়ামী লীগের সভাপতি হন জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহীউদ্দিন। জেলা আওয়ামী লীগের সম্মেলনকে সফল করতে ইতোমধ্যে জেলার সাতটি উপজেলা, দুটি পৌরসভা ও ৬৫টি ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন শেষ হয়েছে। এক লাখ মানুষের উপস্থিতির জন্য সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে নির্মাণ করা হয়েছে বিশাল মঞ্চ।

সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুস সালাম জানান, বিধি মোতাবেক কাউন্সিল করার সব প্রস্তুতিই সম্পন্ন হয়েছে। এবারের কাউন্সিল খুবই গুরুত্বপূর্ণ। ষড়যন্ত্র, অতীত, বর্তমান সবকিছুকেই মাথায় নিয়েই আমরা কাজ করছি।

মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট বীরমুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন জানান, সম্মেলন শতভাগ বর্ণাঢ্য ও উৎসবমুখর করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সামনে জাতীয় সংসদ নির্বাচন তাই এই সম্মেলনের গুরুত্ব অনেক। তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা রয়েছে। সম্মেলনে ব্যাপক লোক সমাগম হবে।

Nagad

এছাড়া প্রধান বক্তা থাকবেন দলের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ও বিশেষ অতিথি হিসেবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সারাদিন. ১১ ডিসেম্বর