৩৩৪ আইএসপি, কলসেন্টার ও আইপি টেলিফোন কোম্পানির লাইসেন্স বাতিল

বিটিআরসির লোগো

মেয়াদ শেষ হওয়া ও নবায়ন না করায় ৩৩৪টি ইন্টারনেট সেবা প্রদানকারী (আইএসপি), কলসেন্টার ও আইপি টেলিফোন কোম্পানির লাইসেন্স বাতিল করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিটিআরসির লাইসেন্সিং শাখার পরিচালক এম এ তালেব হোসেন স্বাক্ষরিত এক নোটিশে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।

নোটিশে বলা হয়, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ ও সংশ্লিষ্ট গাইডলাইনের বিধান অনুযায়ী মেয়াদোত্তীর্ণ হওয়ায় এবং নবায়নের আবেদন না করায় এসব প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হয়েছে।

বিটিআরসি আরও জানিয়েছে, বাতিল হওয়া লাইসেন্সের অধীনে পরিচালিত যে কোনো কার্যক্রম অবৈধ বলে গণ্য হবে এবং সংশ্লিষ্ট আইনের অধীনে এটি শাস্তিযোগ্য অপরাধ।

লাইসেন্স বাতিল হওয়া প্রতিষ্ঠানগুলোকে ৩০ দিনের মধ্যে তাদের লাইসেন্সের মূল সনদ কমিশনে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে কমিশনের যে কোনো পাওনা পরিশোধ করার জন্যও বলা হয়েছে।

বাতিল হওয়া কোম্পানিগুলোর তালিকা বিটিআরসির ওয়েবসাইটে পাওয়া যাবে।

Nagad