নরসিংদীতে দুর্বৃত্তদের গুলিতে ছাত্রদল কর্মী নিহত

নরসিংদী সংবাদদাতা:নরসিংদী সংবাদদাতা:
প্রকাশিত: ১০:২২ পূর্বাহ্, december ২২, ২০২৪

নরসিংদীর সদর উপজেলার পাঁচদোনা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে হুমায়ূন কবির নামে এক ছাত্রদল কর্মী নিহত হয়েছেন।

শনিবার (২১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত হুমায়ূন পাঁচদোনা গ্রামের একরামুল হকের ছেলে এবং মেহেরপাড়া ইউনিয়ন ছাত্রদলের সক্রিয় সদস্য ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, হুমায়ূন এলাকায় ব্যাডমিন্টন খেলছিলেন। খেলার সময় শাহ আলম ও টিটু নামে দুজন তাকে মসজিদের পাশে ডেকে নিয়ে যায়। সেখানেই তাকে গুলি করে পালিয়ে যায় তারা। গুরুতর অবস্থায় হুমায়ূনকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম জানান, ব্যাডমিন্টন খেলার সময় হুমায়ূনকে গুলি করে হত্যার ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি পূর্বশত্রুতার জেরে ঘটেছে।

তিনি আরও বলেন, হত্যার কারণ উদঘাটন এবং অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

Nagad