রাইফেল থাকলেও পুলিশের কাছে থাকবে না ভারী মারণাস্ত্র: স্বরাষ্ট্র উপদেষ্টা
মাঠ পর্যায়ের পুলিশের কাছে রাইফেলের মতো অস্ত্র থাকলেও তাদের হাতে ভারী মারণাস্ত্র থাকবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (১৪ জুন) বেলা ১১টায় রাজধানীতে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদর দপ্তর পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এপিবিএন-এর মতো বিশেষায়িত ইউনিটের কাছে ভারী অস্ত্র থাকবে। তবে সাধারণ পুলিশের হাতে ভারী মারণাস্ত্র থাকবে না।
তিনি জানান, এপিবিএন ও থানা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক উন্নয়নে সরকার কাজ করছে। অন্তর্বর্তী সরকারের বিগত ১১ মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
দু-একটি ছোটখাটো ঘটনা ছাড়া এবারের ঈদ শান্তিপূর্ণভাবে উদযাপন করেছেন দেশবাসী, বলেন জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি আরও বলেন, এপিবিএনের এখন সবচেয়ে বড় সমস্যা গাড়ির। তাদের জন্য ২০০টি গাড়ি আনার প্রক্রিয়া চলছে। আবাসন ব্যবস্থাও তুলনামূলক ভালো। তবে থানা পুলিশের আবাসন ব্যবস্থা খুবই খারাপ, সেটি উন্নয়নের চেষ্টা চলছে।
নির্বাচন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে। নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি আছে। ছোটখাটো ঘটনা ঘটবেই। যেমন—পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনাও এর একটি উদাহরণ।
তিনি যানজট প্রসঙ্গে বলেন, আন্তর্জাতিক মান অনুযায়ী একটি দেশের মোট জমির ২০ শতাংশ রাস্তাঘাট হওয়া উচিত। কিন্তু আমাদের দেশে তা ৭ শতাংশও নেই। এদিকে প্রতিনিয়ত গাড়ির সংখ্যা বাড়ছে। ফলে যানজটের সমস্যা থেকেই যাচ্ছে, তবে তা নিরসনে আমরা কাজ করছি।

