শ্রীমঙ্গলে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ তরুণের

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:৪৭ পূর্বাহ্, জুলই ১০, ২০২৫

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হরিণছড়া চা বাগানে সেপটিক ট্যাংকে নেমে গ্যাসের বিষক্রিয়ায় চার তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (৯ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম।

নিহতরা হলেন—রানা নায়ক (১৭), শ্রাবণ নায়েক (১৯), কৃষ্ণ রবিদাস (২০) ও নিপেন ফুলমালি (২৭)। তারা সবাই হরিণছড়া চা বাগানের শ্রমিক পরিবারের সন্তান।

এ ঘটনায় গুরুতর আহত রবি বুনার্জী (২০) নামে একজনকে প্রথমে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতাল ও পরিবার সূত্রে জানা গেছে, যে চারজনকে হাসপাতালে আনা হয়েছিল তারা সবাই আগেই মৃত্যুবরণ করেন। ধারণা করা হচ্ছে, সেপটিক ট্যাংকে জমে থাকা বিষাক্ত গ্যাসেই এই প্রাণঘাতী ঘটনা ঘটে।

স্বজনরা জানিয়েছেন, নিহতরা কেউ একজনকে উদ্ধার করতে গিয়ে পর্যায়ক্রমে সেপটিক ট্যাংকে নেমেছিলেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

Nagad