সরকারের নির্বাচনী প্রস্তুতির নির্দেশনায় প্রশংসা মির্জা ফখরুলের

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৪:৩৭ অপরাহন, জুলই ১০, ২০২৫

সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচন প্রস্তুতির যে নির্দেশনা দিয়েছে, তাকে “প্রশংসনীয় পদক্ষেপ” বলে উল্লেখ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১০ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও বিএফইউজে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ফখরুল বলেন, ‘দেশের মানুষ ভোটাধিকারের জন্য প্রাণ দিয়েছে। নির্বাচন নিয়ে আর কোনো সমস্যা হবে না বলে আমরা আশাবাদী। আশা করছি, সামনে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে যেখানে জনগণ সত্যিকার অর্থে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।’

তিনি জানান, ‘জুলাই গণঅভ্যুত্থান’ বিএনপি খাটো করে দেখে না বরং ঐতিহাসিকভাবে মূল্যায়ন করে। সেই বিবেচনায় বিএনপি ‘জুলাই সনদের’ সুপারিশপত্র সরকারের কাছে জমা দিয়েছে।

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি সংস্কারে বিশ্বাস করে। কিন্তু কেউ যদি বলে আমরা সংস্কারের বাধা দিচ্ছি, সেটা ভুল ব্যাখ্যা।’ তিনি গণতান্ত্রিক অধিকার রক্ষায় জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।

বিএনপি মহাসচিব সীমান্ত হত্যা ও পুশইন ইস্যুকে গুরুতর উল্লেখ করে বলেন, ‘সরকারকে ভারতের সঙ্গে দৃঢ়ভাবে দরকষাকষি করতে হবে।’ এছাড়া ন্যায্য পানির প্রাপ্তি নিশ্চিত করতেও আন্তরিক আলোচনার দাবি জানান তিনি।

Nagad

গণতান্ত্রিক অধিকার রক্ষায় জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, বিভক্তি নয়, এই মুহূর্তে সবচেয়ে জরুরি হচ্ছে জাতিগত ঐক্য গড়ে তোলা। যেখান থেকে একটি অন্তর্ভুক্তিমূলক, অংশগ্রহণমূলক, স্বচ্ছ রাজনৈতিক পরিবেশ তৈরি হবে।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক খুরশীদ আলমের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, উপদেষ্টা পরিষদের সদস্য আবদুস সালাম, নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম, জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ, বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গণি চৌধুরী, দৈনিক যুগান্তরের সম্পাদক আব্দুল হাই সিকদার, দৈনিক আমার দেশের নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল রহমান, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান, বিএফইউজের সহ-সভাপতি এ কে এম মহসিন, প্রবাসী সাংবাদিক ইমরান আনসারী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এম সাইদ খান প্রমুখ।