জুলাই সনদের আগে কোনো নির্বাচন মেনে নেবে না ছাত্র-জনতা: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৪:৪৬ অপরাহন, জুলই ১০, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ছাত্র-জনতা ঘরে ফিরবে না। তিনি হুঁশিয়ার করে বলেন, জুলাই সনদের আগে কোনো নির্বাচন ছাত্র-জনতা মেনে নেবে না।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর আড়াইটার দিকে মাগুরা শহরের ভায়না মোড়ে এক পথসভায় এসব কথা বলেন তিনি। এর আগে দুপুর দেড়টার দিকে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এনসিপির কেন্দ্রীয় নেতারা পদযাত্রা শুরু করেন। মাগুরা শহরের উপজেলা চত্বর থেকে শুরু হয়ে পদযাত্রাটি চৌরঙ্গী মোড় ও ঢাকা রোড ঘুরে ভায়না মোড়ে এসে শেষ হয়।

পথসভায় নাহিদ ইসলাম বলেন, ‘ছাত্র-জনতার আত্মত্যাগে ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটেছে। এখন আর এই দেশে কোনো ফ্যাসিবাদী শক্তি কিংবা তাদের দোসরদের জায়গা দেওয়া হবে না। আমরা ঘরে ফিরবো না, যতক্ষণ না সংস্কার এবং জুলাই সনদ বাস্তবায়ন হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আপনাদের সন্তানরা জীবন দিয়ে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়েছে। এখন আর কোনো দখলদার, চাঁদাবাজ, টেন্ডারবাজের হাতে দেশের শাসনভার তোলা হবে না। যারা ভিনদেশি প্রভুদের ইশারায় কথা বলে, তাদের রাজনৈতিকভাবে পরাজিত করাই আমাদের লক্ষ্য।’

নির্বাচন প্রসঙ্গে এনসিপি আহ্বায়ক বলেন, ‘আগে ফ্যাসিস্ট হাসিনা ও আওয়ামী লীগের বিচার হতে হবে। খুনিদের বিচার এবং সংস্কারসহ জুলাই সনদ ঘোষণার আগেই যদি কোনো নির্বাচনের পাঁয়তারা করা হয়, তবে আবারও ছাত্র-জনতা রাজপথে নামবে।’

পথসভা শেষে এনসিপির কেন্দ্রীয় নেতাদের বহর নড়াইলের উদ্দেশে যাত্রা করে। এর আগে তারা ঝিনাইদহ সফর শেষে দুপুর ১২টার দিকে মাগুরায় পৌঁছান।

Nagad