শাপলা প্রতীক তালিকায় না রাখার কারণ জানাল ইসি

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২৫

নির্বাচন পরিচালনা বিধিমালার সংশোধিত তফসিলে ‘শাপলা’ প্রতীক অন্তর্ভুক্ত না করার কারণ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১০ জুলাই) নির্বাচন ভবনে অনুষ্ঠিত কমিশনের অষ্টম সভা শেষে সাংবাদিকদের এ বিষয়ে ব্যাখ্যা দেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি বলেন, ‘শাপলা প্রতীক চেয়ে দুটি দল—নাগরিক ঐক্য (১৭ এপ্রিল) এবং জাতীয় নাগরিক পার্টি-এনসিপি (২২ জুন) আবেদন করেছিল। সবকিছু বিবেচনায় রেখে এ প্রতীকটি তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। তবে, আমরা শাপলাকে ‘বাতিল’ করিনি—এটি আগে থেকেই তালিকায় ছিল না।’

নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন করে ১১৫টি প্রতীক সংরক্ষণ করার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ৫১টি প্রতীক নিবন্ধিত ৫১টি দলের জন্য বরাদ্দ থাকবে। বাকি প্রতীকগুলো নতুন নিবন্ধিত দল এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য সংরক্ষিত থাকবে।

বুধবার ইসি বৈঠকে ‘শাপলা’ প্রতীক তালিকাভুক্ত না করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বলেন, ‘শাপলা প্রতীক বাতিল করা হয়নি, বরং এটি জাতীয় প্রতীক হওয়ায় নির্বাচন প্রতীকের তালিকায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়নি।’

তিনি আরও বলেন, ‘যেহেতু শাপলা জাতীয় প্রতীকের মর্যাদা পায়, তাই এটি নির্বাচন প্রতীক হিসেবে ব্যবহারের সুযোগ রাখাটা নৈতিক ও সাংবিধানিকভাবে সঠিক নয়। এ কারণে এটিকে নির্বাচন প্রতীকের তালিকায় না রাখার সিদ্ধান্ত হয়েছে।’

Nagad