সায়মা ওয়াজেদ পুতুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৮:৫৩ পূর্বাহ্ণ, জুলাই ১২, ২০২৫

ফাইল ছবি

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) দক্ষিণ-পূর্ব এশিয়া আঞ্চলিক অফিসের আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। শুক্রবার (১১ জুলাই) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে নিশ্চিত করেছে সংস্থাটি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ডা. টেড্রোস আধানম ঘেব্রেয়েসাস এক ইমেইল বার্তায় বিষয়টি সংস্থার কর্মীদের জানান। পুতুলের অনুপস্থিতিতে দক্ষিণ-পূর্ব এশিয়া আঞ্চলিক অফিসের দায়িত্ব পালন করবেন সহকারী মহাপরিচালক ডা. ক্যাথরিনা বোহমি। তিনি আগামী ১৫ জুলাই নয়াদিল্লিতে দায়িত্ব গ্রহণ করবেন।

সায়মা ওয়াজেদ পুতুল, যিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা, তার বিরুদ্ধে চার মাস আগে দুর্নীতি দমন কমিশন (দুদক) দুটি মামলা দায়ের করে। মামলায় প্রতারণা, ক্ষমতার অপব্যবহার এবং জালিয়াতির অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।

এই মামলার প্রেক্ষিতেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করেছে বলে ধারণা করা হচ্ছে।