শ্যামলীতে ভয়াবহ ছিনতাই: যুবকের জামা-জুতাও নিয়ে গেলো দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৪:২৭ অপরাহন, জুলই ১২, ২০২৫

রাজধানীর শ্যামলীতে ভয়াবহ এক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, যেখানে দুর্বৃত্তরা এক যুবকের শুধু টাকা-পয়সা নয়, তার গায়ের জামা এবং পায়ের জুতাও নিয়ে গেছে। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যা জনমনে ব্যাপক উদ্বেগ তৈরি করেছে।

শনিবার (১২ জুলাই) বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন শেরে বাংলানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক। তবে এখন পর্যন্ত এ বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি বলে জানান তিনি।

ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা গেছে, শুক্রবার ভোর ৬টার দিকে শ্যামলী ২ নম্বর রোডে এক ব্যক্তি ছাতা হাতে হাঁটছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে তিনজন ছিনতাইকারী এসে তাকে ঘিরে ফেলেন। তাদের মধ্যে দুইজন হেলমেট পরিহিত এবং একজন খালি গায়ে ছিলেন।

তারা ধারালো অস্ত্র দেখিয়ে ওই ব্যক্তিকে ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে সবকিছু ছিনিয়ে নেয়। এমনকি তার গায়ের পোশাক ও জুতাও খুলে নেয় ছিনতাইকারীরা। সবকিছু লুটে নিয়ে তারা দ্রুত মোটরসাইকেলে চেপে পালিয়ে যায়।

ওসি ইমাউল হক বলেন, ‘আমরা ভিডিও ফুটেজ দেখে ঘটনাটি যাচাই করেছি। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া না গেলেও আমরা ঘটনাস্থলে যাচ্ছি এবং ছিনতাইকারীদের শনাক্তে কাজ করছি।’

তিনি আরও বলেন, ‘ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। যদি কেউ তাকে চেনেন বা যোগাযোগের তথ্য দিতে পারেন, তাহলে আইনগত ব্যবস্থা নিতে আমরা প্রস্তুত’”

Nagad

রাজধানীতে ছিনতাই এখন উদ্বেগজনক হারে বাড়ছে। আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির মাঝেও প্রতিদিনই ঘটছে নতুন নতুন কৌশলের ছিনতাই। এ ঘটনায় সাধারণ মানুষ আরও আতঙ্কিত হয়ে পড়ছে।