ভাঙারি দোকানের দখল নিয়ে বিরোধে ব্যবসায়ী সোহাগকে হত্যা: ডিএমপি

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২৫

পুরান ঢাকার মিটফোর্ড এলাকায় ভাঙারি দোকানের নিয়ন্ত্রণ এবং আর্থিক লেনদেন নিয়ে দ্বন্দ্বের জেরে ব্যবসায়ী সোহাগকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) জসিম উদ্দিন।

শনিবার (১২ জুলাই) দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘মিটফোর্ড এলাকায় একটি ভাঙারি দোকানের অংশীদারিত্ব ও আর্থিক হিসাব নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সেই বিরোধ থেকেই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।’

এ ঘটনায় র‍্যাবের হাতে দুইজন এবং পুলিশের হাতে তিনজনসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ডিসি। তিনি বলেন, ‘অবশিষ্টদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

ডিসি জসিম উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ঘটনার মাত্র ১০ মিনিটের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায় এবং তাৎক্ষণিক তদন্ত কার্যক্রম শুরু করে। মামলা গ্রহণ না করার অভিযোগ সঠিক নয়। আমরা শুরু থেকেই ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি এবং কোনো রাজনৈতিক বিবেচনা ছাড়াই আইন অনুযায়ী অপরাধের বিচার করছি।’

তিনি আরও বলেন, ‘সোহাগের আগের কর্মকাণ্ডও আমরা খতিয়ে দেখছি। যদি পূর্বের কোনো ঘটনার সূত্রে এ হত্যাকাণ্ড ঘটে থাকে, সেটিও বিবেচনায় নেওয়া হবে।’

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, তদন্তের এ পর্যায়ে চাঁদাবাজির কোনো নির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ঘটনাটি ব্যবসায়িক দ্বন্দ্ব এবং আর্থিক লেনদেন কেন্দ্রিক।

Nagad

এর আগে, গত বুধবার সন্ধ্যা ৬টার দিকে মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেট-সংলগ্ন রজনী ঘোষ লেনে সোহাগকে কুপিয়ে এবং মাথায় বড় পাথর দিয়ে আঘাত করে হত্যা করা হয়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় নেটিজেনদের মাঝে।