শাহবাগে ভেঙে ফেলা হলো প্রজন্ম চত্বরের প্রতিকৃতি
রাজধানীর শাহবাগে অবস্থিত প্রজন্ম চত্বরের প্রতিকৃতি ভেঙে ফেলা হয়েছে। শনিবার (১২ জুলাই) গভীর রাতে একটি বুলডোজার দিয়ে এই প্রতিকৃতি গুঁড়িয়ে দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীদের মতে, রাতের অন্ধকারে অজ্ঞাতনামা কিছু ব্যক্তি হঠাৎ করেই বুলডোজার এনে স্থাপনাটি ধ্বংস করে ফেলে। তবে কে বা কারা এই কাজ করেছে কিংবা কোনো কর্তৃপক্ষের নির্দেশে এটি করা হয়েছে কি না—সে বিষয়ে কোনো সরকারি বা প্রশাসনিক বক্তব্য মেলেনি।
ঘটনার পর শাহবাগ এলাকায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ একে ইতিহাস ধ্বংসের অপচেষ্টা বলছেন, কেউ আবার আইনি ব্যত্যয়ের অভিযোগ তুলেছেন।
উল্লেখ্য, ২০১৩ সালের গণজাগরণ মঞ্চ আন্দোলনের সময় শাহবাগে যে ‘প্রজন্ম চত্বর’ গড়ে ওঠে, তা মুক্তিযুদ্ধের চেতনা ও যুদ্ধাপরাধীদের বিচারের দাবির প্রতীক হিসেবে পরিচিতি পায়। ভেঙে ফেলা প্রতিকৃতিটি ছিল সেই আন্দোলনের এক গুরুত্বপূর্ণ স্মারক।