গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন: এনসিপি’র পদযাত্রা ঘিরে উত্তেজনা
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি ‘জুলাই পদযাত্রা’ ঘিরে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আজ সকালে সদর উপজেলার উলপুর এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন দেয় এবং ভাঙচুর চালায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় পুলিশের ওপরও হামলার ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান।
তিনি জানান, ‘জাতীয় নাগরিক পার্টির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ (বুধবার) গোপালগঞ্জ শহরের পৌর পার্কে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে একটি পদযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেই পদযাত্রা বানচাল করতে ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের সমর্থকেরা পুলিশের ওপর হামলা চালায় এবং একটি গাড়িতে আগুন দেয়।’
পুলিশ জানায়, হামলার পর ঘটনাস্থলে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। এখনো পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি চলমান রয়েছে সারাদেশে। গোপালগঞ্জে এই পদযাত্রা ঘিরে আগে থেকেই রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছিল। এনসিপি নেতারা অভিযোগ করে আসছিলেন, তাদের শান্তিপূর্ণ কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হামলার পরিকল্পনা করছে।
উল্লেখ্য, গোপালগঞ্জ শহরের প্রতি ইঙ্গিত করে এনসিপির নেতা সারজিস আলম সম্প্রতি বলেন, ‘গোপালগঞ্জ কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয়’, যা নতুন করে বিতর্ক উসকে দেয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় টহল জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সহিংসতার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন ওসি সাজেদুর রহমান।

