ইসির ওয়েবসাইট থেকে সরানো হলো আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীক
বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক ‘নৌকা’ অবশেষে সরিয়ে ফেলা হয়েছে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে। দলের নিবন্ধন স্থগিত হওয়ার পরিপ্রেক্ষিতে এই প্রতীক অপসারণ করা হয় বলে জানিয়েছে কমিশন সূত্র।
বুধবার (১৬ জুলাই) সকালে ইসির ওয়েবসাইটে দেখা যায়, ‘আওয়ামী লীগ (নিবন্ধন স্থগিত)’ নামের পাশে আর ‘নৌকা’ প্রতীক নেই। এছাড়াও দলটির নিবন্ধনপ্রাপ্তির তারিখ, প্রতীক এবং প্রতীকের নাম–সবকিছুই মুছে ফেলা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ইসি সচিবালয়ের সিস্টেম ম্যানেজার মো. রফিকুল হক বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নৌকা প্রতীক ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে।’
তবে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদকে এ বিষয়ে একাধিকবার ফোন করা হলেও সাড়া মেলেনি।
এদিকে, মঙ্গলবার (১৫ জুলাই) রাতে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে নির্বাচন কমিশনের সমালোচনা করে লিখেন: ‘অভিশপ্ত ‘নৌকা’ মার্কাটাকে আপনারা কোন বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন?’
প্রসঙ্গত, বিভিন্ন অনিয়ম ও সাংগঠনিক ব্যর্থতার অভিযোগে সম্প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে নির্বাচন কমিশন। এর ফলে দলটি আইনি ও সাংবিধানিকভাবে নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে আর নির্বাচনে অংশ নিতে পারছে না, এবং ‘নৌকা’ প্রতীকটিও স্থগিত তালিকায় চলে যায়।

