গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, সংঘর্ষে উত্তাল শহর, ১৪৪ ধারা জারি

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ শেষে কেন্দ্রীয় নেতাকর্মীদের গাড়িবহরে হামলার পর গোপালগঞ্জ জেলায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা সড়ক অবরোধ করে এ হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। হামলার সময় বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়, যা রিপোর্ট লেখা পর্যন্ত চলমান রয়েছে।

দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে জেলা শহরের লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। হামলাকারীরা এনসিপির গাড়িবহর লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও গাড়ি ভাঙচুর করে। পরে এনসিপির নেতাদের নিরাপদে সরিয়ে নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

হামলার পরপরই গোপালগঞ্জ জেলা প্রশাসক মো. কামরুজ্জামান পুরো জেলায় ১৪৪ ধারা জারির ঘোষণা দেন। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের এক নির্বাহী ম্যাজিস্ট্রেট।

ঘটনাস্থলে দায়িত্ব পালন করতে গিয়ে যমুনা টিভির স্টাফ রিপোর্টার মোজাম্মেল হোসেন মুন্না এবং ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি সুব্রত সাহা বাপ্পি আহত হয়েছেন।

‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে এনসিপি আজ গোপালগঞ্জে পদযাত্রা ও পথসভা করে। গতকাল মঙ্গলবার দলটির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে কর্মসূচিটির নাম দেওয়া হয় “মার্চ টু গোপালগঞ্জ”। এই কর্মসূচিকে ঘিরে গোপালগঞ্জ সদরের উলপুরে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয় এবং সদর ইউএনও’র গাড়িতেও হামলা চালানো হয়।

সদর থানার ওসি মির মো. সাজেদুর রহমান জানান, ‘ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের নেতৃত্বে কিছু সমর্থক পুলিশের ওপর হামলা চালায় ও গাড়িতে আগুন দেয়।’

Nagad

সকাল থেকেই কোটালীপাড়ার ওয়াপদারহাট এলাকায় গাছ ফেলে এবং কাঠ বিছিয়ে সড়ক অবরোধ করে রেখেছিল স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে করে বরিশাল-গোপালগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।