দুদকের মামলায় সম্রাটের বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা জারি
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা অবৈধ সম্পদ অর্জনের মামলায় যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। তবে সম্রাট আদালতে হাজির না হওয়ায় তার জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মো. জাকারিয়া হোসেন এ আদেশ দেন। এদিন ছিল মামলার অভিযোগ গঠন শুনানির দিন। শুনানিতে সম্রাটের আইনজীবী সময় প্রার্থনা করলেও আদালত আবেদন নাকচ করে অভিযোগ গঠন করেন। একই সঙ্গে আগামী ১৭ আগস্ট সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন আদালত।
ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বেঞ্চ সহকারী জাহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ২০১৯ সালের ৬ অক্টোবর কুমিল্লা থেকে সম্রাট ও তার সহযোগী এনামুল হক ওরফে আরমানকে গ্রেফতার করে র্যাব। পরে বিভিন্ন মামলায় কারাবন্দি থাকলেও ২০২২ সালের ২২ আগস্ট তিনি জামিনে মুক্তি পান।
দুদক ২০১৯ সালের ১২ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার টাকার অবৈধ সম্পদের অভিযোগে মামলা দায়ের করে। পরবর্তীতে ২০২০ সালের ২৬ নভেম্বর দুদকের তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়, যেখানে সম্রাটের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত ২২২ কোটি ৮৮ লাখ ৬২ হাজার ৪৯৩ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

