ওয়াল স্ট্রিট জার্নাল ও রুপার্ট মারডকের বিরুদ্ধে ট্রাম্পের মামলা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:৩১ পূর্বাহ্, জুলই ১৯, ২০২৫

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াল স্ট্রিট জার্নাল, নিউজ করপোরেশন এবং মিডিয়া টাইকুন রুপার্ট মারডকের বিরুদ্ধে ১০ বিলিয়ন ডলারের মানহানি মামলা দায়ের করেছেন।

দক্ষিণ ফ্লোরিডার একটি ফেডারেল আদালতে দায়ের করা মামলায় ট্রাম্প অভিযোগ করেন, ওয়াল স্ট্রিট জার্নাল সম্প্রতি জেফ্রি অ্যাপস্টিনের সঙ্গে তার বন্ধুত্ব নিয়ে যে প্রতিবেদন প্রকাশ করেছে তা ‘বানোয়াট, অপমানজনক এবং উদ্দেশ্যপ্রণোদিত’। এই প্রতিবেদনের মাধ্যমে তার রাজনৈতিক ভাবমূর্তি ও আর্থিক স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

ট্রাম্প এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে বলেন, ‘আমি অপেক্ষায় আছি রুপার্ট মারডককে আদালতে আমার মামলায় সাক্ষ্য দিতে দেখার জন্য। তার এই ‘আবর্জনা পত্রিকা’ ওয়াল স্ট্রিট জার্নালের বিচার হবেই!’

মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, নিউজ করপোরেশন, ডাও জোনস, রুপার্ট মারডক এবং প্রতিবেদন সংশ্লিষ্ট দুই সাংবাদিক ইচ্ছাকৃতভাবে ‘ম্যালিশিয়াস ইন্টেন্ট’ নিয়ে ট্রাম্পের বিরুদ্ধে প্রতিবেদনটি তৈরি করেন। এর ফলে তিনি সামাজিকভাবে অপমানিত এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

উল্লেখ্য, বিলাসবহুল জীবনের অধিকারী কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টিনের সঙ্গে এক সময় ঘনিষ্ঠতা ছিল ট্রাম্পের। যদিও অ্যাপস্টিন ২০১৯ সালে জেলে আত্মহত্যা করেন, তবুও এ সম্পর্ক ঘিরে দীর্ঘদিন ধরেই নানা বিতর্ক ও ষড়যন্ত্র তত্ত্ব ভেসে বেড়াচ্ছে। এদিকে, মামলার পাশাপাশি ট্রাম্প ম্যানহাটনের ফেডারেল কোর্টে আবেদন করেছেন অ্যাপস্টিন ও ঘিসলেইন ম্যাক্সওয়েলের গ্র্যান্ড জুরি শুনানির নথি প্রকাশের জন্য। ২০২১ সালে ম্যাক্সওয়েল অপ্রাপ্তবয়স্কদের যৌন নির্যাতনে সহায়তার অভিযোগে দোষী সাব্যস্ত হন।

এখন পর্যন্ত ওয়াল স্ট্রিট জার্নাল, ডাও জোনস, নিউজ করপোরেশন বা রুপার্ট মারডকের পক্ষ থেকে মামলার বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

Nagad