আমরা সেই গডফাদারতন্ত্রের অবসান ঘটিয়েছি: কক্সবাজারে নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘নারায়ণগঞ্জ যেমন গডফাদার ছিল, কক্সবাজারও ছিল গডফাদারতন্ত্রের কবলে। পুরো দেশ ছিল গডফাদার শেখ হাসিনার আন্ডারে ছোট ছোট গডফাদারদের নিয়ন্ত্রণে। আমরা সেই গডফাদারতন্ত্রের অবসান ঘটিয়েছি এবং নতুন করে আর কাউকে গডফাদার হতে দেব না।’
শনিবার (১৯ জুলাই) দুপুর ২টায় কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরি চত্বরে শহীদ দৌলত ময়দানে অনুষ্ঠিত ‘জুলাই পদযাত্রা’ উপলক্ষে আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।
গত সরকারের শাসনামলে কক্সবাজারকে সন্ত্রাস ও মাদকের অভয়ারণ্য আখ্যায়িত করে এনসিপি আহ্বায়ক বলেন, ‘এই পর্যটন শহরটিকে লুটপাটের ক্ষেত্র বানিয়েছে আওয়ামী স্বৈরাচার। অথচ কক্সবাজারের উন্নয়নের অর্থ তো এখানকার জনগণের জন্যই ব্যয় হওয়ার কথা ছিল। আমরা চাই, পরিবেশবান্ধব পর্যটন গড়ে উঠুক—যেখানে স্থানীয়দের অধিকার ও অংশগ্রহণ নিশ্চিত থাকবে।’
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ‘আমরা রোহিঙ্গাদের প্রতি মানবিক আচরণে বিশ্বাস করি। তবে বছরের পর বছর ধরে তাদের আশ্রয় দিয়ে কক্সবাজারের নাগরিকদের নিরাপত্তা, অর্থনীতি ও আইনশৃঙ্খলা ব্যবস্থাকে ঝুঁকির মুখে ফেলা হচ্ছে। এটা কোনো স্থায়ী সমাধান নয়।’
তিনি আরও বলেন, ‘আমরা অন্তর্বর্তীকালীন সরকার, ড. ইউনূস ও বিশ্ব বিবেকের কাছে আহ্বান জানাই—রোহিঙ্গা সমস্যার দ্রুত ও টেকসই সমাধান নিশ্চিত করুন। তাদের নিজ দেশে সম্মানের সঙ্গে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করতে হবে।’
নাহিদ ইসলাম বলেন, ‘আমরা রাজনীতিকে জনগণের কাছে ফিরিয়ে এনেছি। জনগণই আজ বলছে—আর কোনো গডফাদার নয়। কক্সবাজারের পদযাত্রায় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে—এখনকার বাংলাদেশ একটি নতুন রাজনৈতিক দিগন্তে পা রেখেছে।’

