টেস্ট চ্যাম্পিয়নশিপের পরবর্তী তিন ফাইনালও ইংল্যান্ডেই, ঘোষণা আইসিসির

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:০৪ অপরাহন, জুলই ২০, ২০২৫

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) ২০২৭, ২০২৯ এবং ২০৩১ সালের ফাইনাল ম্যাচগুলোও অনুষ্ঠিত হবে ইংল্যান্ডে। সিঙ্গাপুরে অনুষ্ঠিত আইসিসির বার্ষিক সভায় এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে অনুমোদন পেয়েছে। এর ফলে, ২০২১ সাল থেকে শুরু হওয়া প্রতিযোগিতাটির প্রথম ছয়টি ফাইনালই আয়োজিত হবে ইংল্যান্ডে।

চলতি বছরের জুন মাসে লর্ডসে অনুষ্ঠিত শেষ ফাইনালে দক্ষিণ আফ্রিকার কাছে অস্ট্রেলিয়া পাঁচ উইকেটে পরাজিত হয়। ওই আয়োজন সফলভাবে সম্পন্ন হওয়ার পর থেকেই ধারণা ছিল, ইংল্যান্ডই হতে যাচ্ছে পরবর্তী ফাইনালগুলোরও আয়োজনস্থল। যদিও মাঝে শোনা যাচ্ছিল ২০২৭ সালের ফাইনাল ভারতে হতে পারে, তবে শেষ পর্যন্ত ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) দক্ষ আয়োজন এবং দর্শক টানার সক্ষমতার কারণে আবারও ইংল্যান্ডকেই বেছে নিয়েছে আইসিসি।

ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গুল্ড বলেন, “আমরা দারুণ খুশি যে আগামী তিনটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে। এটি আমাদের ক্রিকেট সংস্কৃতির প্রতি বিশ্ববাসীর ভালোবাসার প্রমাণ। আন্তর্জাতিক ম্যাচ হোক বা নিরপেক্ষ ম্যাচ—আমরা গ্যালারি সোল্ড আউট করতে পারি।”

আইসিসি মনে করছে, জুন মাস—অর্থাৎ ইংল্যান্ডের গ্রীষ্মের শুরুর দিকটাই টেস্ট ফাইনালের জন্য সবচেয়ে উপযোগী সময়। কারণ, তখন আন্তর্জাতিক ক্রিকেট ক্যালেন্ডার অপেক্ষাকৃত ফাঁকা থাকে এবং দর্শক উপস্থিতিও থাকে সর্বোচ্চ পর্যায়ে।

তবে তিনটি ফাইনালই লর্ডসে হবে কিনা, তা এখনো নিশ্চিত নয়। হতে পারে ভেন্যু ঘুরিয়ে দেওয়া হবে—যেমন ওভাল, হ্যাম্পশায়ার বোল বা অন্যান্য ঐতিহ্যবাহী ইংলিশ মাঠে।

এর আগে অনুষ্ঠিত ফাইনালগুলো: ২০২১: ভারত বনাম নিউজিল্যান্ড – হ্যাম্পশায়ার বোল, সাউদাম্পটন, ২০২৩: ভারত বনাম অস্ট্রেলিয়া – কিয়া ওভাল, লন্ডন, ২০২৫: অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা – লর্ডস, লন্ডন।

Nagad

আইসিসির এই সিদ্ধান্তে টেস্ট ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ ফরম্যাটের জনপ্রিয়তা আরও বাড়বে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।