খায়রুল হককে ‘দেশের সবচেয়ে বড় শত্রু’ আখ্যা দিয়ে শাস্তি চান ফখরুল
সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে দেশের ‘সবচেয়ে বড় শত্রু’ হিসেবে অভিহিত করে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিল নিয়ে খায়রুল হকের রায় রাষ্ট্রবিরোধী। এই রায়ের মাধ্যমেই দেশে গণতন্ত্র ধ্বংস হয়েছে। বিলম্ব হলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় আমরা সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাই।
মির্জা ফখরুল বলেন, খায়রুল হকের রায়ের পর আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে। এরপর দেশের সকল রাজনৈতিক সংকটের জন্য এটি দায়ী। তিনি বিচার বিভাগের প্রতি আস্থার জায়গাটিকে ধ্বংস করেছেন।
এসময় শিশু একাডেমি ভবন স্থানান্তরের সিদ্ধান্তের বিরোধিতা করে বিএনপি মহাসচিব বলেন,শিশুদের মেধা ও মননের বিকাশে শিশু একাডেমি একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এটি ভেঙে ফেলা হলে সেটি হবে ভবিষ্যৎ প্রজন্মের বিরুদ্ধে অন্যায়।
এর আগে সকালে উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহত তিন শিশুর কবর জিয়ারত করেন তিনি।
এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে, রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে আটক করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
প্রসঙ্গত, খায়রুল হক ২০১০ সালের ২৭ সেপ্টেম্বর দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান। ২০১১ সালের ১৭ মে তিনি অবসরে যান।

