আহাদ হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারাগারে

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৮:৫৮ পূর্বাহ্ণ, জুলাই ২৫, ২০২৫

সংগৃহীত ছবি

রাজধানীর যাত্রাবাড়ীতে ছাত্রনেতা আব্দুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় দেশের সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহ এই আদেশ দেন।

রাত পৌনে ৮টার দিকে গোয়েন্দা পুলিশের একটি দল খায়রুল হককে আদালতে হাজির করে। এরপর তাকে আদালতের হাজতখানায় রাখা হয়। মামলার তদন্ত কর্মকর্তা তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আবেদন করলে শুনানি শেষে বিচারক এ নির্দেশ দেন।

আদালত সূত্র জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে গত বছরের ১৮ জুলাই যাত্রাবাড়ী এলাকায় ছাত্রনেতা আহাদকে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা মো. আলা উদ্দিন চলতি বছরের ৬ জুলাই যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করেন। মামলায় খায়রুল হক ৪৪ নম্বর আসামি।

এর আগে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে রাজধানীর ধানমন্ডির নিজ বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক ২০১০ সালের ৩০ সেপ্টেম্বর দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন এবং ২০১১ সালের ১৭ মে অবসরে যান। আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে তিনি আইন কমিশনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।

তবে ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি ১৩ আগস্ট পদত্যাগ করেন। এরপর থেকে তিনি প্রকাশ্যে আর দেখা দেননি।

Nagad

উল্লেখ্য, বিচারপতি খায়রুল হক তার একাধিক রায় ও সিদ্ধান্তের কারণে বিচার অঙ্গনে তুমুল আলোচিত-সমালোচিত ছিলেন। তার একটি রায়ের মাধ্যমেই বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়, যা দেশের রাজনৈতিক ইতিহাসে গভীর প্রভাব ফেলেছিল।