বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে আমাদের পদযাত্রা : নাহিদ ইসলাম
বিচারব্যবস্থার সংস্কার ও নতুন সংবিধান প্রণয়নের দাবিতে শুরু হওয়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আন্দোলনকে দেশের ভবিষ্যৎ গঠনের পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।
শুক্রবার (২৫ জুলাই) দুপুরে সুনামগঞ্জ সার্কিট হাউজে ‘জুলাই আন্দোলনে’ আহত ও নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, ই উদ্যোগ, এই পদযাত্রা বিচার ও সংবিধান সংস্কারের জন্য। ৫ আগস্টের মধ্যে আমরা ‘জুলাই ঘোষণাপত্র’ ও ‘জুলাই সনদ’ চূড়ান্ত করব। এটি কেবল একটি রাজনৈতিক দলের দাবি নয়, বরং দেশের ভবিষ্যৎ ও কাঙ্ক্ষিত সংস্কারের জন্য অপরিহার্য।
তিনি জানান, এনসিপি সারাদেশে ঘুরে আহত ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করছে এবং তাদের কষ্ট, সংকট ও চাহিদা নথিবদ্ধ করছে। ঢাকায় ফিরে এসব তথ্য বিশ্লেষণ করে দলীয় কর্মসূচি ও দাবিসমূহ চূড়ান্ত করা হবে।
আইনগত ও নিরাপত্তাজনিত সহায়তার আশ্বাস দিয়ে নাহিদ বলেন, শহীদ পরিবারের কেউ যদি মামলাগত, রাজনৈতিক বা অন্য কোনো নিরাপত্তা সমস্যায় থাকেন, তাহলে স্থানীয় কমিটি তাদের পাশে থাকবে ও সর্বাত্মক সহযোগিতা করবে।
মতবিনিময় সভায় অংশ নেন সুনামগঞ্জের ‘জুলাই আন্দোলনে’ নিহত ও আহতদের স্বজনরা। তারা তাদের অভিজ্ঞতা, ক্ষোভ ও সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
সভা শেষে দুপুর ২টায় সুনামগঞ্জের আলফাত উদ্দিন স্কয়ারে এক পথসভায় এনসিপির নেতারা বক্তব্য দেন। এতে উপস্থিত ছিলেন—সুনামগঞ্জ জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমন, কেন্দ্রীয় নেতা নাসিমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

