মাইলস্টোন ট্র্যাজেডি: মাসুমা নামে আরও একজনের মৃত্যু, নিহত বেড়ে ৩৫
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন থাকা মাসুমা (৩৮) শনিবার সকাল ১০টা ১৫ মিনিটে মারা যান। এর ফলে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৫ জনে।
জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, মাসুমার শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল। তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো যায়নি।
এর আগে সকাল ৯টা ১০ মিনিটে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ১৩ বছর বয়সী শিক্ষার্থী জারিফ ফারহান। সে মাইলস্টোন স্কুলের সপ্তম শ্রেণির ইংলিশ ভার্সনের ছাত্র ছিল।
গত ২১ জুলাই দুপুরে রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় নিহতদের বেশিরভাগই শিশু শিক্ষার্থী। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দীন জানান, বর্তমানে সেখানে ৪০ জন চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।
দুর্ঘটনার কারণ ও দায়িত্ব নির্ধারণে ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দেশের ইতিহাসে মর্মান্তিক এই ঘটনার যথাযথ তদন্ত ও ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সহানুভূতি জানানো হচ্ছে সর্বমহল থেকে।

