‘৪-৫ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা’

জ্যেষ্ঠ প্রতিবেদক:জ্যেষ্ঠ প্রতিবেদক:
প্রকাশিত: ৭:৫৬ অপরাহন, জুলই ২৬, ২০২৫

আগামী ৪-৫ দিনের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচনের নির্ধারিত তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২৬ জুলাই) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ১৪টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শেষে এমন তথ্য জানান ১২ দলীয় জোটের সভাপতি মোস্তফা জামাল হায়দার।

বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, প্রধান উপদেষ্টা ক্যাটাগরিক্যালি বলেছেন— আগামী ৪-৫ দিনের মধ্যেই তিনি জাতীয় নির্বাচনের নির্দিষ্ট সময় ও তারিখ ঘোষণা করবেন। এটি বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে অত্যন্ত আনন্দের বার্তা।

তিনি আরও বলেন, আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আশাব্যঞ্জক দিক ছিল— প্রধান উপদেষ্টা দেশের সংকট নিরসনের একমাত্র পথ হিসেবে নির্বাচনকে বেছে নেওয়ার কথা স্পষ্টভাবে বলেছেন। তিনি সংকট ও অরাজকতার নিরসনে দ্রুত নির্বাচনের আয়োজন করবেন বলে আশ্বাস দিয়েছেন।

বৈঠকে অংশ নিয়েছেন—জাতীয় গণফ্রন্ট নেতা আমিনুল হক টিপু বিশ্বাস, ১২ দলীয় জোটের মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা মাওলানা ইউসুফ আশরাফ, ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবলু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, নেজামে ইসলাম পার্টি মাওলানা আব্দুল মাজেদ আতহারী, বাংলাদেশ জাসদ নেতা ড. মুশতাক হোসেন, ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্ট নেতা ববি হাজ্জাজ, জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার, ইসলামী ঐক্যজোট মহাসচিব মুফতি সাখাওয়াত হোসাইন রাজী, মার্কসবাদী-বাসদ সমন্বয়ক মাসুদ রানা এবং জমিয়তে উলামায়ে ইসলামের মন্জুরুল ইসলাম আফেন্দী।

এর আগে গত মঙ্গলবার (২২ জুলাই) দেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য চারটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এরপর বুধবার (২৩ জুলাই) আরও ১৩টি দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেন ড. মুহাম্মদ ইউনূস।

Nagad