সমকামিতার অভিযোগে ডুয়েটের ৭ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:০১ পূর্বাহ্ণ, জুলাই ২৭, ২০২৫

গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)-এ সমকামিতার অভিযোগে সাত শিক্ষার্থীকে হল থেকে সাময়িকভাবে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। বর্তমানে ঘটনাটি নিয়ে চার সদস্যের একটি তদন্ত কমিটি কাজ করছে।

বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ছাত্রকল্যাণ) অধ্যাপক ড. উৎপল কুমার দাস জানান, শিক্ষার্থীদের বিক্ষোভের প্রেক্ষাপটে গত মঙ্গলবার পাঁচজন এবং বৃহস্পতিবার আরও দুজনকে হলে থাকার অযোগ্য ঘোষণা করা হয়েছে। তবে তারা একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন।

অধ্যাপক দাস আরও জানান, গত ১৯ জুলাই মধ্যরাতে কয়েকজন শিক্ষার্থী সমকামিতার অভিযোগ তুলে সহপাঠীদের আটক করে। ঘটনাটি জানাজানি হলে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং অভিযুক্তদের বহিষ্কারের দাবিতে বিক্ষোভ শুরু হয়। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর লিখিতভাবে জানানো হলে প্রশাসন ব্যবস্থা নেয়।

২০ জুলাই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলামকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। প্রতিবেদন হাতে পেলে অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।