মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় ৯ সদস্যের তদন্ত কমিশন গঠন

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ১০:০৪ পূর্বাহ্, জুলই ২৮, ২০২৫

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ৯ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিশন গঠন করেছে সরকার। দুর্ঘটনার কারণ, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে করণীয় ঠিক করতেই এই কমিশন গঠন করা হয়েছে।

রোববার (২৭ জুলাই) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। কমিশনকে চার সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কমিশনের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক সচিব এ কে এম জাফর উল্লা খান। সদস্যদের মধ্যে রয়েছেন—বিমানবাহিনীর সাবেক এয়ার ভাইস মার্শাল এম সাঈদ হোসাইন (অব.), প্রতিরক্ষা, বেসামরিক বিমান পরিবহন, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবরা (যথাযথভাবে মনোনীত), ঢাকার বিভাগীয় কমিশনার, নগর পরিকল্পনাবিদ অধ্যাপক আদিল মুহাম্মদ খান, বুয়েটের অধ্যাপক ড. আশিকুর রহমান এবং আইনজীবী আশরাফ আলী।

প্রজ্ঞাপনে কমিশনের দায়িত্ব হিসেবে বলা হয়েছে—দুর্ঘটনার কারণ ও দায় নির্ধারণ, আহত ও নিহতদের বিষয়ে ক্ষয়ক্ষতি নিরূপণ, ফ্লাইং জোনের নিরাপত্তা, স্কুল ভবনসহ স্থাপনাগুলোর বৈধতা যাচাই এবং ভবিষ্যতে দুর্ঘটনা রোধে সুপারিশ প্রণয়ন।

এছাড়া কমিশন যেকোনো এলাকা পরিদর্শন, ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারবে। তদন্ত কাজে কমিশনকে সহায়তা দেবে ঢাকার বিভাগীয় কমিশনারের কার্যালয়।

Nagad