২০২৬ সালে এআই ইমপ্যাক্ট সামিট আয়োজন করবে ভারত
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিকে জনস্বার্থে গণমুখী করতে ভারতের প্রতিশ্রুতির অংশ হিসেবে দেশটি ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ‘এআই ইমপ্যাক্ট সামিট’ আয়োজন করতে যাচ্ছে। বুধবার (৩০ জুলাই) লোকসভায় এ তথ্য জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় ইলেকট্রনিকস ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ভারতীয় বার্তা সংস্থা আইএএনএস
মন্ত্রী জানান, এই সম্মেলনের মূল লক্ষ্য হলো কৃত্রিম বুদ্ধিমত্তাকে সাধারণ মানুষের জন্য সহজলভ্য করা এবং স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, জলবায়ু পরিবর্তন ও শাসনব্যবস্থার মতো বাস্তব সমস্যার সমাধানে এআই প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রযুক্তি-বান্ধব ভিশনের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই বৈশ্বিক সম্মেলনের আয়োজন করা হচ্ছে। বিশ্বজুড়ে এআই ব্যবহারে ন্যায্যতা, সমতা ও সুযোগ সৃষ্টি নিয়ে আন্তর্জাতিক সংলাপের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে এই সামিট।