‘জুলাই ঘোষণাপত্র’ গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার রূপকল্প: তথ্য উপদেষ্টা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৪:৩২ অপরাহন, গাস্ট ২, ২০২৫

সংগৃহীত ছবি

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ‘জুলাই ঘোষণাপত্র হচ্ছে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার দালিলিক রূপকল্প।’ তিনি জানান, আগামী ৫ আগস্ট অথবা তার আগেই এই ঘোষণাপত্র স্বাক্ষরিত হতে পারে।

আজ শনিবার (২ আগস্ট) দুপুরে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই পুনর্জাগরণ র‍্যালি’ পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মাহফুজ আলম জানান, বিভিন্ন রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে জুলাই সনদ তৈরি হচ্ছে। এই সনদ হবে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের পথনির্দেশিকা।

তিনি বলেন, ‘জুলাই অভ্যুত্থানকে জনস্মৃতিতে ধরে রাখতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।’ এ লক্ষ্যে মন্ত্রণালয়ের আওতাধীন ১৫টি দপ্তর ও সংস্থা প্রামাণ্যচিত্র তৈরি, গবেষণা, দলিল সংরক্ষণ ও তথ্য প্রচারে কাজ করছে।

বাংলাদেশ বেতার ও বিটিভি অভ্যুত্থানকেন্দ্রিক অনুষ্ঠান প্রচার করছে। তথ্য অধিদপ্তর (পিআইডি), পিআইবি এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি) প্রামাণ্যচিত্র ও গবেষণামূলক কাজ করছে। বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ইতোমধ্যে দলিল সংরক্ষণের একটি প্রকল্প গ্রহণ করেছে।

উপদেষ্টা বলেন, ‘দল-মত নির্বিশেষে মানুষ এই অভ্যুত্থানে অংশ নিয়েছে। শিক্ষার্থী, শিক্ষক, সমাজকর্মী, সংস্কৃতিকর্মী সবাই রাজপথে নেমেছিলেন।’

Nagad

কেন্দ্রীয় শহীদ মিনারকে গণজাগরণের প্রতীক আখ্যা দিয়ে তিনি বলেন, ‘আমরা এখান থেকেই অভ্যুত্থান শুরু করেছিলাম, এখানেই বিজয় উদযাপন করেছি।’

তিনি বলেন, ‘শহীদদের স্মরণ এবং আহতদের যন্ত্রণা আমাদের নতুন বাংলাদেশ গঠনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।’

অন্তর্বর্তী সরকারের বাস্তবায়িত প্রতিশ্রুতিগুলোর কথা তুলে ধরে মাহফুজ আলম বলেন, ‘সরকার অনেকগুলো প্রতিশ্রুতি দিয়েছে এবং সেগুলোর একটি বড় অংশ ইতোমধ্যেই বাস্তবায়নের পথে।’

সমাবেশে মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, সংশ্লিষ্ট দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।