ফ্যাসিবাদী সরকারের পতন হলেও ফ্যাসিবাদী ব্যবস্থার পতন হয়নি: এনসিপি আহ্বায়ক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ফ্যাসিবাদী সরকারের পতন ঘটলেও দেশে ফ্যাসিবাদী শাসনব্যবস্থার অবসান ঘটেনি। ফলে নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য আমাদের লড়াই এখনো চলমান।
শনিবার (২ আগস্ট) বিকেল ৪টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এসময় তিনি ৩ আগস্ট শহীদ মিনারে আয়োজিত জনসমাবেশের প্রস্তুতি ও দলীয় অবস্থান তুলে ধরেন।
নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ৩ আগস্ট শহীদ মিনার থেকে আমরা একদফা আন্দোলনের ডাক দিয়েছিলাম, যার মূলে ছিল ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের দাবি। আমরা বারবার বলেছি, সরকারের পরিবর্তন হলেও শাসনব্যবস্থার স্বরূপ বদলায়নি। তাই আন্দোলন এখানেই শেষ নয়।
তিনি জানান, নতুন বাংলাদেশ গঠনের জন্য এনসিপির রাষ্ট্রভাবনা ও কর্মসূচির উপস্থাপন ঘটবে রোববার শহীদ মিনারে আয়োজিত সমাবেশে। আমাদের ভবিষ্যৎ কর্মপন্থা ও রাষ্ট্রের কাঠামোগত রূপরেখা সেই সমাবেশেই প্রকাশ করা হবে, বলেন তিনি।
তিনি আরও বলেন, জুলাই পদযাত্রার আনুষ্ঠানিক সমাপ্তি হবে এই জনসমাবেশের মাধ্যমে। একইসঙ্গে ঘোষিত হবে আমাদের ‘নতুন বাংলাদেশের ইশতেহার’।
সরকার ঘোষিত ‘জুলাই সনদ’ প্রসঙ্গে এনসিপি আহ্বায়ক বলেন, আমরা দেখতে চাই সরকার সেই সনদ বাস্তবায়নে কী পদক্ষেপ নেয়। তবে সরকার যদি তা করতে ব্যর্থ হয়, তাহলে যারা গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিল, তারাই বিকল্প পথ খুঁজবে।
দেশের অর্থনীতি, কর্মসংস্থানসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও দৃশ্যমান অগ্রগতি হয়নি বলেও মন্তব্য করেন তিনি। গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল, তা আজও অপূর্ণ রয়ে গেছে, যোগ করেন নাহিদ ইসলাম।

