সৌদি আরবের সঙ্গে প্রথমবারের মতো চুক্তি হচ্ছে: আসিফ নজরুল
প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, আগামী দুই সপ্তাহের মধ্যে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে।
শনিবার (২ আগস্ট) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘রেমিট্যান্স যোদ্ধা দিবস ২০২৫’ উপলক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. আসিফ নজরুল বলেন, “এটি হবে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের প্রবাসী কল্যাণমূলক সম্পর্কের একটি নতুন মাইলফলক। আমরা দুই দেশের স্বার্থ সংরক্ষণ করে এমন একটি চুক্তির দিকে এগোচ্ছি, যা প্রবাসী বাংলাদেশিদের অধিকার ও সুযোগ বাড়াবে।”
প্রবাসীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর বলেও জানান তিনি। “আমাদের লক্ষ্য একটি উন্নতমানের প্রবাসী কল্যাণ হাসপাতাল নির্মাণ, যেখানে প্রবাসীরাই চিকিৎসা দেবেন এবং প্রবাসীরাই চিকিৎসা নেবেন। এতে করে বিদেশে কাজ করা অভিবাসীরা দেশে ফিরে নিজস্ব পরিবেশে উপযুক্ত চিকিৎসা পাবেন।”
তিনি আরও বলেন, “রেমিট্যান্স যোদ্ধাদের পাঠানো অর্থের ওপর ভিত্তি করেই দেশের অর্থনীতি সচল রয়েছে। তাই তাদের কল্যাণে মন্ত্রণালয় সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।”
অনুষ্ঠানে বিভিন্ন প্রবাসী কল্যাণ সংস্থা, রেমিট্যান্স প্রেরণকারী ব্যক্তি ও প্রবাস ফেরত শ্রমিকরা উপস্থিত ছিলেন।

