রাজসাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে হাজির সাবেক আইজিপি মামুন
জুলাই-আগস্টের গণআন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আজ রোববার (৩ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
সকাল ৯টা ২৫ মিনিটে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তাকে ট্রাইব্যুনালে আনা হয়। মামলায় আজ প্রসিকিউশনের সূচনা বক্তব্য ও প্রথম সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং মামুনের বিরুদ্ধেই মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠন করা হয়েছে। যদিও বিচার কার্যক্রম আসামিদের অনুপস্থিতিতে চলেছে।
ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে প্রথমে চিফ প্রসিকিউটর সূচনা বক্তব্য রাখবেন। প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ কার্যক্রম বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হবে।
যদিও মামুন নিজেও আসামি ছিলেন, বর্তমানে তিনি রাজসাক্ষী হিসেবে বিবেচিত হচ্ছেন।
উল্লেখ্য, গত ১০ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং মামুনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন। অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণআন্দোলনের সময় প্রায় ১,৪০০ জন ছাত্র-জনতার হত্যাকাণ্ডে তারা উসকানি, নির্দেশ ও প্ররোচনা দিয়েছেন।

