তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের জন্য হোক: তারেক রহমান
তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের জন্য হোক বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেন, দেশের ১৩ কোটি ভোটারের মধ্যে গত দেড় দশকে প্রায় ৪ কোটি নতুন ভোটার যুক্ত হয়েছে। তোমরা ভোটার হলেও ফ্যাসিবাদ চক্র তোমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তোমাদের হারানো ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠার বিরাট সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে স্বাবলম্বী বাংলাদেশ গড়ার লক্ষ্য বিএনপির গৃহীত পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য, পলাতক স্বৈরাচারের শাসন আমলের গত দেড় দশকের ভোট প্রয়োগের অধিকার বঞ্চিত ৩ কোটি ভোটারসহ সবার সমর্থন ও সহযোগিতা চাই।
রোববার (৩ আগস্ট) রাজধানীর শাহবাগে জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে বিএনপির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত ছাত্র-সমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, চলো, আজ আমরা সবাই একসঙ্গে প্রতিজ্ঞা করি— আমাদের প্রথম ভোট, হবে বাংলাদেশের পুনর্গঠনের জন্য। আমাদের প্রথম ভোট হবে শহীদদের রক্তের মর্যাদা রাখার জন্য। আমাদের প্রথম ভোট, হোক ধানের শীষের জন্য। ইনশাআল্লাহ।
তরুণের উদ্দেশে তারেক রহমান বলেন, শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার জন্য যা যা প্রয়োজন এবং নিজেদেকে যোগ্য করার জন্য তোমরা (তরুণ) সকলে তা গ্রহণ করবে, এই হোক আজকের প্রতিজ্ঞা।

