‘নতুন বাংলাদেশের’ ২৪ দফা ইশতেহার ঘোষণা এনসিপির

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২৫

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘নতুন বাংলাদেশ’ গঠনের লক্ষ্যে ২৪ দফা ইশতেহার ঘোষণা করেছে। রোববার (৩ আগস্ট) সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক সমাবেশে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এই ইশতেহার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

সমাবেশে নাহিদ ইসলাম বলেন, এনসিপির জন্ম হয়েছে জনগণের স্বপ্ন বাস্তবায়নের জন্য। আমাদের লক্ষ্য একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক এবং ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন।” তিনি আরও বলেন, “এক বছর আগে এই শহীদ মিনারেই আমরা শপথ নিয়েছিলাম স্বৈরাচারকে পরাজিত করার। আজ আমরা নিজেদের কর্তৃত্ব ফিরে পেয়েছি। এবার সময় এসেছে ‘সেকেন্ড রিপাবলিক’ বাস্তবায়নের।’

ঘোষিত ২৪ দফা ইশতেহারে যেগুলো রয়েছে:
১. নতুন সংবিধান প্রণয়ন ও সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠা
২. জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি ও বিচারের দাবী
৩. গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠন
৪. ন্যায়ভিত্তিক বিচার ব্যবস্থা এবং আইন সংস্কার
৫. জনসেবামুখী প্রশাসন ও দুর্নীতি দমন
৬. জনবান্ধব আইনশৃঙ্খলা বাহিনী গঠন
৭. গ্রাম পার্লামেন্ট ও শক্তিশালী স্থানীয় সরকার
৮. স্বাধীন গণমাধ্যম এবং সক্রিয় নাগরিক সমাজ
৯. সবার জন্য স্বাস্থ্যসেবা
১০. জনগণের চাহিদাভিত্তিক শিক্ষানীতি
১১. গবেষণা, উদ্ভাবন ও তথ্যপ্রযুক্তির অগ্রগতি
১২. ধর্ম, সম্প্রদায় ও জাতিসত্তার মর্যাদা রক্ষা
১৩. নারীর নিরাপত্তা, অধিকার ও ক্ষমতায়ন
১৪. ইনসাফভিত্তিক অর্থনৈতিক কাঠামো
১৫. তরুণদের জন্য কর্মসংস্থান ও সুযোগ
১৬. বহুমুখী বাণিজ্য ও টেকসই শিল্পায়ন
১৭. কৃষি উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা
১৮. শ্রমিক ও কৃষকের অধিকার নিশ্চিতকরণ
১৯. জাতীয় সম্পদের স্বচ্ছ ব্যবস্থাপনা
২০. পরিবহন, নগরায়ণ ও আবাসন পরিকল্পনা
২১. জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও প্রাকৃতিক সম্পদ রক্ষা
২২. প্রবাসী বাংলাদেশিদের মর্যাদা ও অধিকার নিশ্চিত করা
২৩. স্বাধীন ও বাংলাদেশকেন্দ্রিক পররাষ্ট্রনীতি
২৪. আধুনিক ও সুশৃঙ্খল প্রতিরক্ষা কৌশল

সমাবেশে তিনি বলেন, ‘এ ২৪ দফা কেবল প্রতিশ্রুতি নয়, বরং তা হলো ভবিষ্যতের পথনির্দেশনা। আসুন, আমরা সবাই মিলে এ লক্ষ্য অর্জনে এগিয়ে যাই।’

ইশতিহার ঘোষণার আগে নাহিদ বলেন, আমরা এমন একটা রাজনৈতিক দল গঠন করব, সেখানে স্বৈরাচার ফিরে আসতে পারবে না।

এর আগে, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, আজ নতুন বাংলাদেশের যে ইশতেহার ঘোষিত হবে, সেই ইশতেহার হবে আমাদের পথপ্রদর্শক। সেই ইশতেহার অনুসরণ করে প্রতিটা সংকট ও সমাধানের পথ আমরা খুঁজে নেব।

Nagad

আখতার বলেন, এনসিপি বাংলাদেশের সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে সব জাতিসত্তাকে সঙ্গে নিয়ে, নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই। নতুন বাংলাদেশের যে বার্তা আমরা দিতে চাই, সেটি দৃঢ় প্রতিজ্ঞ থেকে আমরা বাস্তবায়ন করে যাব, ইনশাআল্লাহ।

এর আগে বিকেল ৪টার পর থেকে সমাবেশস্থলে আসতে শুরু করেন দলটির নেতাকর্মীরা। সমাবেশে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমীনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।