এডিবির সঙ্গে বাংলাদেশের ১৫ কোটি ডলারের ঋণ চুক্তি
দেশে শোভন কর্মসংস্থান ও বৈশ্বিক বাজারে প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (টিভিইটি) খাতে ১৫ কোটি ডলারের ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। আজ রোববার (৩ আগস্ট) ঢাকায় অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ভবনে বাংলাদেশ সরকার ও এডিবির মধ্যে এ চুক্তি সই হয়।
ইআরডির সচিব শহরিয়ার কাদের সিদ্দিকী এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর হো ইউন জিওং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এডিবি প্রতিনিধি হো ইউন জিওং জানান, এই প্রকল্প মেকানিক্যাল, ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, সিভিল এবং খাদ্য ও কৃষি—এই পাঁচটি প্রযুক্তি ক্লাস্টারে দক্ষতা উন্নয়নের ওপর জোর দেবে। এর মাধ্যমে কর্মসংস্থান বাড়ানো, দারিদ্র্য মোকাবিলা এবং সরকার ঘোষিত টিভিইটি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা মিলবে।
‘টিভিইটি টিচার্স ফর দ্য ফিউচার’ নামের এই কর্মসূচির মাধ্যমে ঢাকার বাইরের অনুন্নত এলাকায় আধুনিক শিক্ষক প্রশিক্ষণের সুযোগ তৈরি হবে। প্রকল্প শেষে অন্তত ১০ হাজার শিক্ষক উপকৃত হবেন, যা ২ লাখ ৫০ হাজার শিক্ষার্থীর দক্ষতা উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।
এছাড়া টেকসই পেশাগত উন্নয়নের জন্য একটি জাতীয় কাঠামো গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে, যাতে দীর্ঘমেয়াদে টিভিইটির মান বজায় থাকে।

