অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানালেন তারেক রহমান
গণতন্ত্রের পথে উত্তরণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদ ও সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (৬ আগস্ট) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারেক রহমানের এই বার্তা তুলে ধরেন।
মির্জা ফখরুল বলেন, লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের মধ্যে অনুষ্ঠিত বৈঠকের আলোকে নির্বাচনের সময়সূচি ২০২৬ সালের ফেব্রুয়ারি নির্ধারিত হওয়াকে বিএনপি স্বাগত জানিয়েছে। এই ঐতিহাসিক সিদ্ধান্তকে রাজনৈতিক অচলাবস্থা নিরসনের পথপ্রদর্শক হিসেবে উল্লেখ করে বিএনপি নেতারা আশাবাদ ব্যক্ত করেন, এর মাধ্যমে গণতন্ত্রের ভিত্তি আরও মজবুত হবে।
তিনি আরও বলেন, বিএনপি বিশ্বাস করে, এই নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য করতে সরকার ও নির্বাচন কমিশন প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে। আমরা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই। এই লক্ষ্যে সব রাজনৈতিক দল ও জনগণকে একসঙ্গে কাজ করার আহ্বান জানাই।
বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এই দীর্ঘ সংগ্রামে যারা প্রাণ দিয়েছেন, তাদের স্মরণ করছি গভীর শ্রদ্ধায়। আহতদের আরোগ্য কামনা করি। শহীদ পরিবারের পুনর্বাসন এবং সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে বিএনপি ৮ বছরের গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্বদানকারী তারেক রহমানকে ‘সফল কৌশলী’ হিসেবে উল্লেখ করে কৃতজ্ঞতা প্রকাশ করে। ফখরুল বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশ, দেশনেত্রী খালেদা জিয়ার গণতান্ত্রিক সংগ্রামের বাংলাদেশ এবং তরুণ নেতা তারেক রহমানের আধুনিক ও মানবিক বাংলাদেশ গঠনে আমরা বদ্ধপরিকর।

