ভোট নিয়ে শিগগির প্রধান উপদেষ্টার চিঠি পাওয়ার আশায় সিইসি

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৫:০২ অপরাহন, গাস্ট ৬, ২০২৫

আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে চিঠি দেওয়ার কথা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেই চিঠির আশায় এখন অপেক্ষা করছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন আশা প্রকাশ করেছেন, শিগগিরই ওই চিঠি তারা হাতে পাবেন।

বুধবার (৬ আগস্ট) দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি এসব কথা বলেন।

সিইসি বলেন, প্রধান উপদেষ্টার ঘোষণার ভিত্তিতে আমরা আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছি। নির্বাচন সংক্রান্ত আনুষ্ঠানিক চিঠি পাওয়ার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা আশা করছি, সেটি শিগগিরই পেয়ে যাব।

তিনি আরও জানান, নির্বাচনকে সফলভাবে পরিচালনার জন্য ইসি এরই মধ্যে মাঠপর্যায়ে কার্যক্রম শুরু করেছে। তফসিল ঘোষণার এক থেকে দুই মাস আগে প্রস্তুতির অংশ হিসেবে বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে পরামর্শ করতেও সময় হাতে রাখা হচ্ছে।

আওয়ামী লীগের প্রসঙ্গ টেনে সিইসি বলেন, যেসব ব্যক্তি আওয়ামী লীগের সমর্থক, তারা ভোট দিতে পারবেন। কারণ কোনো ব্যক্তির রাজনৈতিক মনোভাব জানতে পারা সম্ভব নয়। কমিশনের দায়িত্ব হলো, প্রতিটি ভোটারের ভোটাধিকার নিশ্চিত করা।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ না নেয় এবং কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাহলে তা মোকাবেলার জন্য ইসি প্রস্তুত রয়েছে।

Nagad

সীমানা নির্ধারণ প্রসঙ্গে নাসির উদ্দিন বলেন, নির্বাচনী সীমানা নির্ধারণে কোনো ব্যক্তিকে কেন্দ্র করে নয়, বরং নিয়ম মেনেই নির্বাচন কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। ১০ আগস্ট পর্যন্ত দাবি-আপত্তি জানানো যাবে, এরপর শুনানি শেষে তা চূড়ান্ত করা হবে।

তিনি আরও জানান, আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন সংক্রান্ত সব কেনাকাটা সম্পন্ন করতে চায় নির্বাচন কমিশন।

মিডিয়ার প্রতি আহ্বান জানিয়ে সিইসি বলেন, নির্বাচনকে আয়নার মতো স্বচ্ছ রাখতে গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন। এমন একটি নির্বাচন করতে চাই, যার স্বচ্ছতা নিয়ে যেন কোনো প্রশ্ন না ওঠে।