তারেক রহমানের আহ্বান: মতভেদ থাকবে, কিন্তু মুখ দেখাদেখি বন্ধ নয়

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৬:৩৮ অপরাহন, গাস্ট ৬, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজনৈতিক মতভেদ সত্ত্বেও জাতীয় স্বার্থে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘জাতীয় কোনো ইস্যুতে বা গণতন্ত্রের প্রশ্নে যেন রাজনৈতিক দলগুলোর মধ্যে মুখ দেখাদেখি বন্ধ না হয়।’

বুধবার (৬ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত বিজয় র‌্যালির আগে এক সংক্ষিপ্ত সমাবেশে ভিডিও বার্তায় এই আহ্বান জানান তিনি।

তারেক রহমান বলেন, মতভেদ থাকবেই, কিন্তু তা দূর করতে আলোচনা চলবে। রাষ্ট্র আমাদের সবার। তাই গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

এ সময় দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে সবার সহযোগিতা ও সমর্থন চান তারেক রহমান।

তিনি আরও বলেন, নাগরিকদের কাছে আহ্বান—নিরাপদ বাংলাদেশ গড়তে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। ফ্যাসিবাদের সময়ে আমরা, আমাদের সন্তানরা নিরাপদ ছিল না। ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, বাংলাদেশকে বন্দিশালায় পরিণত করা হয়েছিল।

তারেক রহমান চব্বিশের আন্দোলনের প্রসঙ্গ টেনে বলেন, এই আন্দোলনের কারণে যে সম্ভাবনার দ্বার খুলেছে, তা কাজে লাগিয়ে যদি জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করা যায়, তাহলে ভবিষ্যতে আর কেউ ফ্যাসিবাদ কায়েম করতে পারবে না।

Nagad

বিজয় র‌্যালি প্রসঙ্গে তিনি বলেন, পতিত ও পলাতক ফ্যাসিস্টের আমলে অন্ধকারের রাজত্ব কায়েম হয়েছিল। আজকের বিজয় মিছিল সেই অন্ধকার থেকে আলোর পথে যাত্রা।