সাবেক সিইসি রকিবসহ ১২ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৯:১০ অপরাহন, গাস্ট ৭, ২০২৫

সংগৃহীত ছবি

নির্বাচনে অনিয়মের অভিযোগে দায়ের করা এক মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমেদসহ ১২ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। বৃহস্পতিবার (৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান এ আদেশ দেন।

শেরে বাংলা নগর থানায় বিএনপির দায়ের করা মামলায় তারা আসামি। মামলার তদন্ত কর্মকর্তা জানান, আসামিরা বর্তমানে পলাতক থাকায় সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রয়োজন।

নিষেধাজ্ঞার আওতায় থাকা অন্যরা হলেন সাবেক নির্বাচন কমিশনার মো. আবু হাফিজ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাবেদ আলী, শাহ নেওয়াজ, রফিকুল ইসলাম, কবিতা খানম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী, আহসান হাবিব খান, মো. আলমগীর, আনিছুর রহমান, সাবেক নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ ও মোহাম্মদ সাদিক।

আদালত নির্দেশ দিয়েছে, ইমিগ্রেশন কর্তৃপক্ষ যেন তাদের বিদেশযাত্রা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।

গত ২২ জুন বিএনপি মামলাটি দায়ের করে। এতে অভিযোগ করা হয়, আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন সময়ে নির্বাচন কমিশন সাংবিধানিক দায়িত্ব পালনের পরিবর্তে ভোটারদের ভয়ভীতি দেখিয়ে ভোটবিহীন নির্বাচন করেছে।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন তিন সাবেক সিইসি—কাজী রকিবউদ্দীন আহমেদ, এ কে এম নূরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল। এর মধ্যে হুদা ও হাবিবুল আউয়ালকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, শহীদুল হক, জাবেদ পাটোয়ারী, বেনজীর আহমেদ ও চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের নামও রয়েছে।

Nagad