চাঁদাবাজির প্রতিবাদে লাইভ, রাতে কুপিয়ে ও গলা কেটে হত্যা সাংবাদিক তুহিনকে
গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় ফেসবুক লাইভে চাঁদাবাজির প্রতিবাদ করার কয়েক ঘণ্টার মধ্যে সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে (৩৮) কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে মসজিদ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
নিহত তুহিন দৈনিক ‘প্রতিদিনের কাগজ’ পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামে হলেও পরিবার নিয়ে তিনি গাজীপুরে বসবাস করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে মসজিদ মার্কেটের একটি চায়ের দোকানে বসে ছিলেন তুহিন। হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত এসে তাকে ঘিরে ফেলে এবং ধারালো অস্ত্র দিয়ে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এর কয়েক ঘণ্টা আগেই তুহিন চান্দনা চৌরাস্তা এলাকায় ফুটপাত ও দোকান থেকে চাঁদাবাজির অভিযোগ তুলে একটি ফেসবুক লাইভ করেন। পরে সন্ধ্যার দিকে নিজের ফেসবুক প্রোফাইলে একটি ভিডিও শেয়ার করে লিখেন—‘যেমন খুশি তেমন রাস্তা পার হওয়ার দৃশ্য। গাজীপুর চৌরাস্তা’।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।”
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্তে অভিযান শুরু হয়েছে।
প্রসঙ্গত, একজন সাংবাদিককে এই ধরনের নৃশংস হত্যাকাণ্ড বাংলাদেশের সংবাদমাধ্যমের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

