বাড়ছে ডেঙ্গুর দাপট, এক সপ্তাহেই প্রাণ গেল ১২ জনের

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৬:৩৫ অপরাহন, গাস্ট ৮, ২০২৫

ছবি: এআই

দেশে আবারও বাড়তে শুরু করেছে মশা বাহিত এডিস ডেঙ্গু রোগের প্রকোপ। এক সপ্তাহে (২ থেকে ৮ আগস্ট) ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ১২ জন এবং হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ২৯২ জন রোগী। বাড়ছে হাসপাতালে রোগীর চাপ, উদ্বিগ্ন স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টরা।

স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু প্রতিবেদন অনুযায়ী, ২ আগস্ট একজন, ৪ আগস্ট দুইজন, ৫ আগস্ট তিনজন, ৬ ও ৭ আগস্ট তিনজন করে ডেঙ্গুতে মারা গেছেন। আর ৮ আগস্ট কারও মৃত্যুর খবর না থাকলেও নতুন করে ভর্তি হয়েছেন ১৯০ জন।

চলতি বছর ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩ হাজার ৪১০ জন। চিকিৎসা নিয়ে ছাড়পত্র পেয়েছেন ২১ হাজার ৯৯৮ জন। আর মৃত্যু হয়েছে ৯৫ জনের।

এ বছর জুলাই মাসে ডেঙ্গুতে প্রাণ গেছে ৪১ জনের, যা একক মাস হিসেবে সর্বোচ্চ।

বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. আতিকুর রহমান বলেন, “ডেঙ্গু এখন মৌসুমি নয়, এটি বছরজুড়েই হচ্ছে। বৃষ্টি শুরু হলেই প্রকোপ বাড়ে। তাই প্রতিরোধে সিটি করপোরেশনকে আরও সক্রিয় হতে হবে। পাশাপাশি জনসচেতনতাও জরুরি।”

কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী বলেন, “মশা নিয়ন্ত্রণে শুধু জরিমানা বা প্রচার নয়, দক্ষ জনবল দিয়ে সঠিকভাবে জরিপ চালিয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে।”

Nagad

উল্লেখ্য, ২০২৩ সালে দেশের ইতিহাসে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গুতে আক্রান্ত এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়েছিল।