সিএমপি কমিশনারের নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, পুলিশ সতর্ক
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজের নামে একটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে বিতর্কিত মন্তব্য ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে শুক্রবার (৮ আগস্ট) রাত সোয়া ১২টার দিকে সিএমপি তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক সতর্কবার্তা প্রদান করে।
সতর্কবার্তায় বলা হয়েছে, ওই ভুয়া অ্যাকাউন্টের কোনো পোস্টে লাইক, কমেন্ট বা শেয়ার করা যাবে না। এই ফেইক অ্যাকাউন্টটি পুলিশ কমিশনারের অফিসিয়াল ছবিসহ প্রোফাইল তৈরি করা হয়েছে এবং এতে এক হাজারের বেশি ফেসবুক বন্ধু রয়েছে। সিএমপি জানায়, ঘটনার সঙ্গে জড়িত অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা হবে।
সিএমপির সতর্কবার্তায় বলা হয়, ‘৮ আগস্ট দুপুর ২টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের নাম ব্যবহার করে একটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিতর্কিত পোস্ট শেয়ার করা হয়েছে। এটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। জনসাধারণকে সতর্ক থাকার অনুরোধ জানানো হলো।’
সিএমপি ফেইক অ্যাকাউন্টের মাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।