ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল, হাজারো মানুষ ঘরছাড়া
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেসের উত্তরে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে, যার কারণে শুক্রবার হাজারো বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়া হয়েছে। তীব্র গরম ও শুষ্ক আবহাওয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে।
গত বৃহস্পতিবার ভেনচুরা ও লস এঞ্জেলেস কাউন্টির সীমান্ত এলাকায় শুরু হওয়া ‘ক্যানিয়ন ফায়ার’ বর্তমানে প্রায় ৫ হাজার ৪০০ একর এলাকা পুড়িয়ে ফেলেছে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন আংশিক নিয়ন্ত্রণে এসেছে এবং শুক্রবার রাত পর্যন্ত এর ২৮ শতাংশ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে।
দাবানলের সবচেয়ে কাছাকাছি শহর সান্তা ক্লারিটায় বাসিন্দাদের আগুনের ক্ষতিগ্রস্ত এলাকা থেকে দূরে থাকার নির্দেশ দেয়া হয়েছে। লস এঞ্জেলেস কাউন্টির পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে এবং প্রায় ৪০০ দমকলকর্মী আগুন নেভাতে কাজ করছেন।
আবহাওয়া অফিস জানায়, আগামী কয়েক দিনে তাপমাত্রা ১০০ ডিগ্রি ফারেনহাইট (প্রায় ৩৭.৭ ডিগ্রি সেলসিয়াস) পর্যন্ত বৃদ্ধি পেতে পারে, যা পরিস্থিতিকে আরও কঠিন করে তুলবে।
ক্যালিফোর্নিয়া ফরেস্ট্রি অ্যান্ড ফায়ার প্রোটেকশন ডিপার্টমেন্ট জানিয়েছে, রাজ্যে একাধিক জায়গায় দাবানল চলছে। এর মধ্যে রয়েছে ‘গিফোর্ড ফায়ার’, যা রাজ্যের স্যান লুইস ওবিস্পো ও সান্তা বারবারা কাউন্টিতে প্রায় এক লাখ একর এলাকা পুড়িয়ে ফেলেছে।
বিশেষজ্ঞরা জলবায়ু পরিবর্তনকে দাবানলের বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে দেখছেন। শুষ্ক ও গরম আবহাওয়া দীর্ঘায়িত অগ্নি মৌসুম এবং বিধ্বংসী দাবানলের পেছনে দায়ী।
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে লস এঞ্জেলেসের আলটাডেনা এলাকায় ‘ইটন ফায়ার’ দাবানলে অন্তত ৩১ জন নিহত হন এবং হাজার হাজার স্থাপনা ধ্বংস হয়।

