৩৭৫ কোটি বাজেটের ‘কুলি’: রজনীকান্তের পারিশ্রমিকেই নতুন রেকর্ড
দক্ষিণী সিনেমার বহুল প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার ‘কুলি’ নিয়ে দর্শকদের উত্তেজনার পারদ চরমে। লোকেশ কানাগরাজ পরিচালিত এই চলচ্চিত্রে বাজেট ও তারকাদের পারিশ্রমিকের অঙ্ক ভারতীয় সিনেমায় নতুন রেকর্ড গড়েছে।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস ও হিন্দুস্তান টাইমস-এর তথ্য অনুযায়ী, ‘কুলি’র নির্মাণ বাজেট প্রায় ৩৫০ কোটি রুপি। প্রিন্ট ও প্রচারণার জন্য অতিরিক্ত ২৫ কোটি বরাদ্দ রাখা হয়েছে, ফলে মোট বাজেট দাঁড়িয়েছে প্রায় ৩৭৫ কোটি রুপি।
নায়ক রজনীকান্ত পেয়েছেন ১৫০ কোটি রুপি, যদিও টাইমস অব ইন্ডিয়ার আরেক প্রতিবেদনে এই অঙ্ক ২৮০ কোটি বলে দাবি করা হয়েছে। পরিচালক লোকেশ কানাগরাজের পারিশ্রমিক ৫০ কোটি রুপি। সহ-অভিনেতাদের মধ্যে নাগার্জুনা নিয়েছেন প্রায় ২৪ কোটি রুপি, আর ১৫ মিনিটের একটি ক্যামিও চরিত্রে অভিনয়ের জন্য আমির খান নিয়েছেন ২৫–৩০ কোটি রুপি। পূজা হেগড়ে একটি গানে বিশেষ উপস্থিতির জন্য পেয়েছেন ২ কোটি রুপি। শ্রুতি হাসান, সত্যরাজ ও উপেন্দ্রও মোটা অঙ্কের পারিশ্রমিক পেয়েছেন, যদিও সঠিক পরিমাণ প্রকাশ করা হয়নি।
হাভি সিনেমাস ও আর্স প্রোডাকশনস প্রযোজিত এই সিনেমার গল্প ও সংলাপ লিখেছেন লোকেশ কানাগরাজ নিজেই। রজনীকান্তের ৫০ বছরের চলচ্চিত্র ক্যারিয়ার উদযাপনে নির্মিত ‘কুলি’তে তিনি একজন সাধারণ শ্রমিকের ভূমিকায় অভিনয় করেছেন। আগামী ১৪ আগস্ট, ভারতের স্বাধীনতা দিবসের আগের দিন, এটি তামিল, তেলেগু, হিন্দি ও কন্নড় ভাষায় মুক্তি পাবে।