‘চাপাতি-সামুরাই’ ফ্রিতে হোম ডেলিভারি দিতেন ব্যবসায়ীরা, অস্ত্র উদ্ধার, আটক ৯

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ১০:২০ পূর্বাহ্, গাস্ট ১০, ২০২৫

রাজধানীর নিউ মার্কেট এলাকায় সেনাবাহিনীর অভিযানে ১১০০টির বেশি বিশালাকৃতির ধারালো চাপাতি, সামুরাই ও বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এসব অস্ত্র কিশোর গ্যাং ও সন্ত্রাসীদের কাছে সরবরাহ করার পাশাপাশি গোপনে হোম ডেলিভারি দেওয়া হত। অভিযানে অন্তর্ভুক্ত তিনটি দোকান থেকে এসব অস্ত্র জব্দ করা হয়।

সেনাবাহিনীর ২৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ জানান, নিউ মার্কেটের এসব চাপাতি-সামুরাই সাধারণ ক্রেতাদের বিক্রি করা হয় না। নির্দিষ্ট ব্যক্তিদের মধ্যে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করা হতো। সন্ত্রাসীরা অস্ত্র আনতে গেলে পুলিশ বা সেনার চেকপোস্টে ধরা পড়ার আশঙ্কায় ব্যবসায়ীরা সুন্দর করে প্যাকিং করে হোম ডেলিভারি দিতো।

তিনি বলেন, ঢাকায় হোম ডেলিভারি বেশি হলেও সারাদেশেও ব্যবসায়ীরা অস্ত্র পৌঁছে দিতো। এসব চাপাতি ও সামুরাই দিয়ে কিশোর গ্যাং সদস্যরা ছিনতাই, চাঁদাবাজি, জখম ও হত্যা করে থাকে।

সেনাবাহিনীর ব্রিফিংয়ে জানা যায়, এই অস্ত্রগুলো গোপন বিক্রি হতো এবং দোকানে প্রদর্শিত হত না। গোডাউনের মাধ্যমে সরবরাহ করা হতো। অভিযানে গ্রেফতারকৃত নয়জনকে বর্তমানে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হবে এবং মামলার পাশাপাশি তদন্ত চলবে।

লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ ব্যবসায়ী সমাজকে সতর্ক করে বলেন, আপনারা কেউ চাপাতি, সামুরাই বা ধারালো অস্ত্র বিক্রি করবেন না। অনেকেই স্যুভেনির হিসেবে এগুলো সংগ্রহ করেন, কিন্তু বর্তমানে এসব অস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর হাতে পড়ে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই প্রবণতা বন্ধ করতে হবে।

তিনি সাধারণ জনগণকেও অনুরোধ করেন, আপনার আশপাশে কেউ ধারালো অস্ত্রের অবৈধ ব্যবসা করলে নিকটস্থ সেনা ক্যাম্পে জানাতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় কিশোর গ্যাংয়ের কার্যকলাপ বন্ধ সম্ভব।

Nagad