প্রথম দিনেই ‘অ্যানিমাল’-এর রেকর্ড ভাঙতে প্রস্তুত ‘ওয়ার ২’
বক্স অফিসে দুর্দান্ত সাফল্যের পথে ‘ওয়ার ২’। বিশেষ করে হৃতিক রোশনের পাশাপাশি জুনিয়র এনটিআরের উপস্থিতিতে তেলেগু ডাব সংস্করণ ভারতীয় বক্স অফিসে বিশাল আয় করবে বলে ধারণা করা হচ্ছে। বলিউড হাঙ্গামা জানিয়েছে, এই ছবিটি রণবীর কাপুরের ‘অ্যানিমাল’-এর প্রথম দিনের রেকর্ড ভেঙে দিতে চলেছে।
‘অ্যানিমেল’ তেলেগু ভাষায় মুক্তি পাওয়া প্রথম দিনের হিসেবে বলিউডের সর্বোচ্চ আয় করা সিনেমা। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘অ্যানিমেল’ প্রথম দিনে ৮.৫৫ কোটি রুপি আয় করেছিল। তবে ‘ওয়ার ২’ এদিনের আয় এই রেকর্ডকেও বড় ব্যবধানে ছাড়িয়ে যাবে বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন।
জুনিয়র এনটিআর দীর্ঘদিন ধরে তেলেগু রাজ্যগুলোর (আন্ধ্রপ্রদেশ ও তেলঙ্গানা) জনপ্রিয় অভিনেতা। তার জনপ্রিয়তা বেড়েছে এস এস রাজামৌলি পরিচালিত ‘থ্রি আর’ সিনেমার মাধ্যমে। ‘দেবরা’ ছবিতেও তিনি প্রশংসিত ভূমিকা পালন করেন। এবারও ‘ওয়ার ২’-তে তার উপস্থিতি তেলেগু দর্শকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে।
অন্যদিকে, হৃতিক রোশনও তেলেগু বাজারে যথেষ্ট জনপ্রিয়। ‘ধুম ২’সহ বিভিন্ন হিট ছবির মাধ্যমে তিনি নিজেকে প্রমাণ করেছেন। এই দুই সুপারস্টারের জুটিতে ‘ওয়ার ২’ তেলেগু ডাব সংস্করণে বলিউডের জন্য সর্বকালের সর্বোচ্চ আয়ের সম্ভাবনা তৈরি করেছে।
‘ওয়ার ২’ পরিচালনা করেছেন আয়ান মুখার্জি। ছবিটি ১৪ আগস্ট মুক্তি পাবে। এতে কিয়ারা আদভানি, আশুতোষ রানা ও অনিল কাপুর গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। আদিত্য চোপড়া প্রযোজিত এই ছবি যশ রাজ ফিল্মস ব্যানারে নির্মিত হয়েছে ৩২৫ কোটি রুপি বাজেটে।
এদিকে, ‘ওয়ার ২’ রজনীকান্তের ‘কুলী’ ছবির সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে থাকবে বলেও মনে করা হচ্ছে। বলিউডের ভক্তরা এখন এই ছবিটির সাফল্যকে দেখতে প্রতীক্ষায় রয়েছেন।

