জুলাই গণহত্যাকারীদের কেউই ছাড় পাবে না: চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ২:৩২ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২৫

ফাইল ছবি

জুলাই মাসে সংঘটিত গণহত্যার সঙ্গে জড়িত কেউই শাস্তি এড়াতে পারবে না বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

সোমবার (১১ আগস্ট) দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, যারা ভেবেছিলেন বাংলাদেশে গণহত্যা চালিয়ে পার পাওয়া যাবে কিংবা প্রতিবিপ্লব ঘটিয়ে বিচার প্রক্রিয়া বানচাল করা যাবে— তাদের জন্য এটাই পরিষ্কার বার্তা, অপরাধীরা কেউ ছাড় পাবে না। বিচারের প্রক্রিয়া কোনোভাবেই থামবে না।

এদিন রাজধানীর চাঁনখারপুলে শিক্ষার্থী আনাসসহ ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলার সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর।

তিনি আরও বলেন, যেসব তরুণ রক্ত দিয়ে বাংলাদেশকে দ্বিতীয়বার মুক্ত করেছেন, তাদের স্বজন-পরিবার এখনও জীবিত আছেন। তাদের সাক্ষ্যের মাধ্যমেই দেড় হাজারের বেশি প্রাণ হারানো পরিবারের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা হবে।