বেসরকারি মেডিকেলের পার্কিংয়ে প্রাইভেটকারে মিলল ২ মরদেহ
রাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের পার্কিংয়ে একটি প্রাইভেটকার থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১১ আগস্ট) দুপুর পৌনে ১২টার দিকে কলেজের প্রধান নিরাপত্তারক্ষী গাড়ির ভেতরে মরদেহ দেখতে পান। পরে বিষয়টি রমনা থানা পুলিশকে জানানো হয়।
কলেজ কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার ভোরে সাদা রঙের প্রাইভেটকারটি পার্কিংয়ে প্রবেশ করে। এরপর থেকে গাড়িটি সেখানেই ছিল। সোমবার দুপুরে নিরাপত্তারক্ষী চেক করতে গিয়ে ভেতরে দুইজনকে দেখতে পান। প্রথমে ঘুমিয়ে আছে মনে করলেও ডাকাডাকির পর সাড়া না পাওয়ায় তিনি বুঝতে পারেন তারা মারা গেছেন।
খবর পেয়ে রমনা থানা পুলিশ ও সিআইডির ক্রাইম ইউনিট ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করছে। এখন পর্যন্ত মরদেহের পরিচয় ও মৃত্যুর কারণ জানা যায়নি।