যুক্তরাষ্ট্রে পাকিস্তান সেনাপ্রধানের ভয়ংকর পারমাণবিক যুদ্ধের হুঁশিয়ারি

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২৫

ফাইল ছবি

যুক্তরাষ্ট্র সফরে গিয়ে ভারতকে নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল জেনারেল আসিম মুনির। তিনি বলেন, পাকিস্তান অস্তিত্বের সংকটে পড়লে ভয়ংকর পারমাণবিক যুদ্ধ শুরু হবে, যা বিশ্বের অর্ধেককে ধ্বংস করে দেবে।

রোববার (১০ আগস্ট) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টাম্পায় পাকিস্তান-আমেরিকান কমিউনিটির এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আসিম মুনির বলেন, সিন্ধুতে ভারত বাঁধ নির্মাণ করলে তা ক্ষেপণাস্ত্রে ধ্বংস করা হবে। সিন্ধু নদীর পানি ভারতীয়দের ব্যক্তিগত সম্পত্তি নয় বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও দাবি করেন, গত এপ্রিল পহেলগামে সন্ত্রাসী হামলার পর নয়াদিল্লির সিন্ধু পানি চুক্তি স্থগিত রাখায় পাকিস্তানের কোটি মানুষ অনাহারের ঝুঁকিতে রয়েছে। পাকিস্তানের মিসাইল ভান্ডারে কোনো ঘাটতি নেই বলেও মন্তব্য করেন তিনি।

প্রসঙ্গত, পহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত সিন্ধু নদের পানি চুক্তি স্থগিত রাখে এবং মে মাসে পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরে বিমান হামলা চালায়। পাকিস্তান পাল্টা সামরিক অভিযান চালালে টানা কয়েকদিনের সংঘাতের পর ১০ মে যুদ্ধবিরতি হয়।