ঢাকা মেট্রোপলিটন পুলিশের সব থানায় অনলাইন জিডি কার্যক্রম চালু
পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ১০ আগস্ট থেকে সকল থানায় অনলাইন সাধারণ ডায়েরি (জিডি) কার্যক্রম চালু করেছে। ফলে এখন থেকে যে কেউ ঘরে বসেই অনলাইনে জিডি করতে পারবেন।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) ডিএমপি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গুগল প্লে স্টোর থেকে ‘অনলাইন জিডি’ অ্যাপ ডাউনলোড করে নির্দেশনা অনুযায়ী স্মার্টফোনের মাধ্যমে সহজেই জিডি করা যাবে। থানায় সরাসরি জিডির মতোই এতে আবেদনকারী একটি জিডি নম্বর পাবেন এবং পরবর্তী আপডেটও জানতে পারবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আবেদনকারীর নিবন্ধিত মোবাইল নম্বর ও জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের মাধ্যমে তথ্য সংরক্ষণ করায় ব্যক্তিগত গোপনীয়তা বজায় থাকবে। অনলাইন জিডি ব্যবস্থা পুলিশের কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির পাশাপাশি নাগরিকদের সময় সাশ্রয় করবে। এছাড়া জিডির ভিত্তিতে পুলিশ কর্তৃক গৃহীত ব্যবস্থা সম্পর্কেও জানা যাবে, যা নাগরিক জীবনে স্বস্তি বয়ে আনবে।
তবে অনলাইন সেবার পাশাপাশি প্রচলিত পদ্ধতিতেও জিডি করার সুযোগ অব্যাহত থাকবে বলে জানায় ডিএমপি।