বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে ভিসাবিহীন সফরের ৫ বছরের চুক্তি
বাংলাদেশ ও পাকিস্তানের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য ভিসাবিহীন সফরের পাঁচ বছরের চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (২১ আগস্ট) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, এ ভিসামুক্ত চুক্তি কেবল কূটনীতিক ও সরকারি কর্মকর্তাদের জন্য প্রযোজ্য হবে। বর্তমানে বাংলাদেশের আরও ৩১টি দেশের সঙ্গে অনুরূপ চুক্তি রয়েছে।
একই বৈঠকে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) দুই ভাগে বিভক্ত করার অধ্যাদেশে সংশোধনী অনুমোদন করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, রাজস্ব নীতি বিভাগের সচিব পদে দক্ষতার ভিত্তিতে অন্য ক্যাডারের কর্মকর্তা নিয়োগ পেতে পারেন। তবে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের সচিব পদে নিয়োগ পাবেন কেবল রাজস্ব ক্যাডারের কর্মকর্তারা।
বিদ্যুৎ খাত প্রসঙ্গে প্রেস সচিব বলেন, বিগত সরকারের আমলে সবচেয়ে বেশি চুরি হয়েছে বিদ্যুৎ খাতে। সরকার তাদের পছন্দের লোকদের এ খাতে চুরির লাইসেন্স দিয়েছিল।
এছাড়া বৈঠকে ১০টি সংস্কার কমিশনের ৩৬৭টি প্রস্তাব দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার।
প্রেস সচিব আরও জানান, আগামী ২৫ আগস্ট প্রধান উপদেষ্টা কক্সবাজারে রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেবেন। তিন দিনব্যাপী এ সম্মেলন ২৪ আগস্ট শুরু হয়ে চলবে ২৬ আগস্ট পর্যন্ত। এতে ৪০টি দেশের প্রতিনিধিরা অংশ নেবেন।
সম্মেলনের সুপারিশগুলো আগামী ৩০ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ আয়োজিত বৈশ্বিক রোহিঙ্গা সম্মেলনে উত্থাপন করা হবে, যেখানে ১৭০টি দেশের প্রতিনিধি উপস্থিত থাকবেন।

